৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিলেও বিএনপি সরকার ক্ষমতায় এসে তা অস্বীকার করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
তিনি বলেন, বিএনপি একতরফাভাবে সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে। কমিটির বৈঠকগুলোতে জাতির কল্যাণে কোনো সিদ্ধান্ত বা প্রস্তাবনা আসছে না, বরং লোকদেখানো আলোচনা চলছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে রাজশাহীর কাটাখালি পৌরসভায় এনসিপির আয়োজিত পথসভা ও সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, মাঝে মাঝে সংবিধান সংশোধন কমিটির বৈঠক হলেও সেখানে জাতির জন্য কোনো কল্যাণকর সিদ্ধান্ত বা প্রস্তাবনা আসছে না। সেই বৈঠকে সিদ্ধান্ত আসে, তত্ত্বাবধায়ক সরকার করা হবে স্পিকারকে।
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়ে বিএনপি দুরভিসন্ধি করেছে। পরবর্তী নির্বাচনগুলো নিজেদের মতো করে আয়োজনের উদ্দেশ্যেই দলটি এমনটা করেছে।











