ইমাাতে ইসলামিয়া আফগানিস্তান ও উজবেকিস্তানের বেসরকারি খাতের প্রতিনিধিরা কাবুলে আয়োজিত এক ব্যবসায়িক বৈঠকে ১৫ কোটি ১১ লাখ ৬০ হাজার ডলার মূল্যের কয়েক ডজন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার করতে এসব চুক্তি করা হয়েছে।
বৈঠকে দুই দেশের প্রায় ৮০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিভিন্ন অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে এসব চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের উপপ্রধান মুজিবুর রহমান শিরজাদ বলেন, কাবুল ও তাশখন্দের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ উভয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদলের পারস্পরিক সফর বেড়েছে। এর ফলে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে, যা বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করার পথ সুগম করেছে।
অন্যদিকে উজবেকিস্তান এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইয়ারকিন মালিকভ বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে।
মালিকভের তথ্যমতে, আগে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৮ কোটি ডলার। বর্তমানে তা ১৮০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
তিনি বলেন, দুই দেশের সম্পর্কের উন্নতি এবং আফগান ও উজবেক ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
মালিকভ আরও জানান, উজবেক বিনিয়োগকারী ও ব্যবসায়িক প্রতিনিধিরা আফগানিস্তানের বাণিজ্যিক সম্ভাবনা খতিয়ে দেখছেন। পাশাপাশি দেশটিতে যৌথ উদ্যোগে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগও বিবেচনা করছেন তাঁরা।
তিনি উল্লেখ করেন, ২০২৪ ও ২০২৫ সালের বাণিজ্যিক পরিসংখ্যান এবং বিশেষ করে ২০২৬ সালের প্রথম সাত মাসের তথ্য প্রতিবেশী দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের উল্লেখযোগ্য প্রবৃদ্ধির চিত্র তুলে ধরে।
এদিকে এসব চুক্তি স্বাক্ষরের সময় আফগানিস্তানের কৃষি ও প্রাণিসম্পদ উপমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল শনিবার উজবেকিস্তান সফরে গেছে।
সফরকালে প্রতিনিধিদলটি উজবেক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এসব বৈঠকে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, বিশেষ করে কৃষি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সর্বশেষ স্বাক্ষরিত এসব বাণিজ্য চুক্তির ফলে আফগানিস্তান ও উজবেকিস্তানের মধ্যে বেসরকারি খাতের সহযোগিতা, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র : আরিয়ানা নিউজ











