spot_img
spot_img

গাজীপুরে আবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও কয়েকটি পোশাক কারখানায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। রোববার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে মহানগরের কোনাবাড়ীর জরুন, চন্দ্রা পল্লী বিদ্যুৎ ও কাশিমপুর এলাকায় এসব বিক্ষোভের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ীর জরুন এলাকায় মন্ডল গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ দেন। তবে দুপুরের দিকে তারা কারখানা থেকে বের হয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় আশপাশের কয়েকটি কারখানা ছুটি ঘোষণার দাবি জানানোর পাশাপাশি সেসব কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তারা।

পরিস্থিতি বিবেচনায় পরে আশপাশের কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একপর্যায়ে শ্রমিকেরা বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এদিকে, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ রোববারের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করে। এ ছাড়া দুপুর সাড়ে ৩টার দিকে কাশিমপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরাও বিক্ষোভ করেন। পরে বিকেল ৪টার দিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেসব কারখানাও ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

কাশিমপুর এলাকায় দুপুর ৩টার দিকে হঠাৎ থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। একই সময়ে কোনাবাড়ীর জরুন এলাকায় মন্ডল গ্রুপের একটি কারখানার শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যান। পরে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরা একত্রিত হয়ে আন্দোলন আরও জোরদার করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তা বজায় রাখতে কোনাবাড়ী, কাশিমপুর ও জরুনসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকটি কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনাবাড়ী, কাশিমপুর ও জরুনসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ