সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও সংকটাপন্ন বলে মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গতকাল আমি হাসপাতালে গিয়েছিলাম। দেশনেত্রী খালেদা জিয়ার আবার রক্তক্ষরণ হচ্ছে। গত ২৬ দিন যাবৎ তিনি আইসিইউতে রয়েছেন। অনতিবিলম্বে তার বিদেশে চিকিৎসা দরকার।
বুধবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আয়োজনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন—তিনি যখন কেন্দ্রীয় কারাগারে ছিলেন তখন তাকে চিকিৎসা দেওয়া হয়নি। বারবার বলার পরে তার চিকিৎসার জন্য বোর্ড করা হয়েছে, সেই বোর্ড থেকেও বেগম খালেদা জিয়ার চিকিৎসা হয়নি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা যখন সেখানে যান এবং তাদের সুপারিশক্রমে যখন পিজিতে নিয়ে আসা হয় তখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে।
তিনি বলেন, দেশনেত্রীকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। কারণ একটাই, খালেদা জিয়ার হচ্ছে দেশের একমাত্র রাজনীতিক, যিনি এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে কথা বলেন। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি গণতন্ত্রের জন্য সমস্ত জীবন বিলিয়ে দিয়েছেন।










