ডা: মুরাদ হাসান যা করেছেন সে তা ছাত্রদল থেকে শিখে এসেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ।
তিনি বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান এক সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন। এখন আমার মনে হচ্ছে সে যেসব অসংলগ্ন আচরণ করছে, অনৈতিক আচরণ করছে তা সে ছাত্রদল থেকেই শিখে এসেছে। বিএনপির নেতা তারেক রহমানও বিভিন্ন সময় এমন আচরণ করেছেন। বিএনপি এসবের রাজনীতিই করে। প্রতিহিংসার রাজনীতি থেকে তারা বের হতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শের কোনো সৈনিক শেখ হাসিনার কোন কর্মী থেকে এমন আচরণ আসার কথা না।
বুধবার ফেনী শহরের পিটিআই স্কুল মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধিদের সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন।
হানিফ আরও বলেন, বিএনপি খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রেসক্লাবের সামনে আন্দোলন করে, দেশব্যাপী অরাজকতা তৈরি করে, কিন্তু রাষ্ট্র্রপতির কাছে ক্ষমা চায় না। ক্ষমা না চাইলে তো কাজ হবে না। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে বিষয়টি হয়তো বিবেচনা করা হতে পারে। রাষ্ট্রপতির কাছে মাফ চাইলে দণ্ড মওকুফ হলে তিনি যেকোনো জায়গায় যেতে পারবেন। দণ্ড স্থগিত করে তাকে বাইরে পাঠানোর সুযোগ নেই। বিএনপি নাটক করছে। খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁঁজি করে রাজনীতি করতে চাইছে। দেশে অনেক উন্নত চিকিৎসা আছে। বেগম খালেদা জিয়া সে চিকিৎসা পাচ্ছে।










