চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে চট্টগ্রামে নতুন করে আরও ১০৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৮৯ শতাংশ।
রোববার (৯ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে শনিবার (৮ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭৬ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৩টি ল্যাবে ১ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১০৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ৮৮ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৬ জনের মধ্যে সাতকানিয়া ২, বাঁশখালীতে এক জন, আনোয়ারায় ২, রাউজানে ২, ফটিকছড়িতে ৩, হাটহাজারীতে ২ ও সীতাকুণ্ড উপজেলার ৪ জন বাসিন্দা রয়েছেন।











