দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী। ৩ জনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ১০২ জনের।
রোববার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনায় নতুনকরে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯১ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জনে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ১২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৯৮০টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৯৫টিতে। ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।
দেশে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৭ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জনে। সুুস্থতার হার ৯৭ দশমিক ৩১ শতাংশ।











