কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে শাকিল (২০) নামের এক বাংলাদেশী নাগরিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ ঝাশঁজানি গ্রামের বাসিন্দা আহম্মেদ আলীর ছেলে।
রোববার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পাথরডুবি ইউনিয়নের ময়দান সীমান্ত থেকে তাকে আটক করে নিয়ে যায়।
বিজিবি ও সীমান্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, রোববার ভোরে একদল গরু ব্যবসায়ী ময়দান সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৬/৬-এস থেকে প্রায় ১৫০ গজ ভারতের ভেতরে ধলবাড়ি নামক স্থানে প্রবেশ করেন। ভারতের দিনহাটার ১২৯ দিঘলটারী বিএসএফ ক্যাম্পের টহল দল ওই গরু ব্যবসায়ীদের উপস্থিতি টের পেয়ে তাড়া করে। এ সময় বাকিরা পালিয়ে গেলেও শাকিলকে আটক করে বিএসএফ। পরে আটক শাকিলকে দিঘলটারী ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।










