বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, একজন ষড়যন্ত্র করে কাপড় নিয়ে পালিয়েছেন। এখন যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন, তারা আগামী দিনে পালানোর সময় কাপড়ও পরতে পারবেন না।
রবিবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোটের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর রায় বলেন, সংস্কারের পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যকোনো উদ্দেশ্য আছে কিনা, তা দেখা প্রয়োজন।
তিনি বলেন, কোনো কালবিলম্ব না করে সময়মতো যৌক্তিক টাইমে নির্বাচন দিন, সবাই স্যালুট জানাবে।
বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকারকে পেছন থেকে কারা ইন্ধন দিচ্ছে তা দেশের মানুষ জানে। ইসলামের নামে কারা দখলবাজি করছে, তা বিভিন্ন দপ্তরে গেলেই জানা যাবে।
১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতী গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, জাগপার সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ প্রমুখ।











