spot_img

ভাসানচরে নেওয়া হচ্ছে আরো ৩ হাজার রোহিঙ্গাকে

কক্সবাজারের উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে বার দফায় স্বেচ্ছায় ভাসানচরের যাচ্ছেন আরও দুই হাজার ৯৭৫ জন রোহিঙ্গা।

বুধবার দুপুরে ও বিকালে দুই দফায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তত্ত্বাবধানে পুলিশি পাহারায় ৬১টি বাসে করে উখিয়া কলেজের মাঠ থেকে ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রামে রওনা দেন এসব রোহিঙ্গারা।

রোহিঙ্গার সঙ্গে অ্যাম্বুলেন্স, পুলিশ স্কট ও অন্য নিরাপত্তা বাহিনীর গাড়িও রয়েছে। এর আগে বিভিন্ন ক্যাম্প থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার মাধ্যমে উখিয়া কলেজ মাঠে আসেন রোহিঙ্গারা। অনেকে মঙ্গলবার সন্ধ্যায়ও আসেন ট্রানজিট পয়েন্টে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. সামছুদ্দৌজা নয়ন জানান, ১২ দফায় দুপুরে ২৬টি বাসে করে ১ হাজার ৪৩৭ জন ও বিকালে ৩৫টি বাসে করে ১ হাজার ৫৩৮ জনসহ মোট দুই হাজার ৯৭৫জন রোহিঙ্গা উখিয়া ছেড়েছে। পূর্বের নিয়মে তারা বুধবার রাতে চট্টগ্রাম নৌবাহিনীর জেটিঘাট এলাকায় অবস্থান করবেন। বৃহস্পতিবার দুপুরে তাদের ভাসানচর পৌঁছার কথা রয়েছে।

তিনি আরও জানান, এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ১১ দফায় ১ হাজার ৬৫৪ জন এবং ৩০ জানুয়ারি দশম দফায় ১ হাজার ২৮৮ জন রোহিঙ্গা ভাসানচরে যান।

এর আগে গত ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ৯ দফায় ২০ হাজার রোহিঙ্গাকে সরকার ভাসানচরে পাঠায়। এছাড়া ২০২০ সালের মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাবার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ