শর্তসাপেক্ষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেয়ার অনুমতি দিয়ে সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (০৯ মার্চ) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।
এর আগে, খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করেন তার পরিবারের সদস্যরা। এবারের আবেদনেও তার মুক্তির শর্ত শিথিল করে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চাওয়া হয়। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার সোমবার (৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করেন।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানান, আবেদনটি তিনি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। আইন মন্ত্রণালয় মতামত দেয়ার পর আবেদনের ব্যাপারে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন, যা আজ (বৃহস্পতিবার) আইন মন্ত্রণালয় জানালো।
গত বছরের ২৪ সেপ্টেম্বর ৬ষ্ঠ দফায় বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চলতি মাসের ২৪ মার্চ শেষ হচ্ছে তার মুক্তির মেয়াদকাল।












