রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গ্যাস বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সেখানে এক্সক্লুসিভ বিস্ফোরণ হয়েছে এরকম কোনো প্রমাণও আমরা পাইনি। তদন্ত কাজ চলমান রয়েছে। তাই এ মুহূর্তে সুনিশ্চিতভাবে কোনো কিছু বলা যাচ্ছে না।
তিনি বলেন, আমাদের পুলিশ বাহিনীর সাথে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা দুর্ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আমরা মনে করছি গ্যাস বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আমরা নিশ্চিতভাবে বলতে পারব কি ঘটেছিল।










