spot_img

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকসহ তিনজন রিমান্ডে

রাজধানীর গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণে ২১ জনের প্রাণহানির ঘটনায় গ্রেফতার দুই ভবন মালিকসহ তিনজনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ মার্চ) তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু-তদন্তের জন্য তাদের দশদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মাবুদ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন ভবনের দুই মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেসম্যান্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টু। এর মধ্যে ওয়াহিদুর ও মতিউর সম্পর্কে আপন দুই ভাই।

গত মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা কুইন টাওয়ারে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ভবনটির তিনতলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে ভবনটির দেওয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে পড়ে যায়। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি ভবনও।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ