ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ইচ্ছা প্রকাশ করেছে ভারত।
বৃহস্পতিবার (৭ মার্চ) কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই ইচ্ছা প্রকাশ করেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের (আফগানিস্তান, পাকিস্তান, ইরান বিষয়ক) যুগ্ম সচিব জেপি সিং।
শুক্রবার, আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি এক এক্স বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মুখপাত্র বালখি বলেন, বৈঠকে আফগানিস্তানের কাছ থেকে নিরাপত্তা, দায়েসের বিরুদ্ধে লড়াই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জেপি সিং।
এ বিষয়ে আফগান উপ তথ্যমন্ত্রী ও মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “বৈঠকে উভয় দেশের পক্ষ থেকে কূটনৈতিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই অঞ্চলে ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ। আর তাই ভারতের সাথে ভালো সম্পর্ক নিশ্চিত করতে চায় ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান।”
বৈঠকে, আফগানিস্তানে মানবিক সহায়তা প্রদানের জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী মাওলানা মুত্তাকি। পাশাপাশি কাবুল ও দিল্লির মধ্যে জোরদার সম্পর্ক গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তিনি।
বৈঠকে, আফগান নাগরিকদের ভারত ভ্রমণের জন্য বাণিজ্যিক, স্বাস্থ্য ও শিক্ষাগত ভিসা সহজ করারও আহবান জানিয়েছেন তিনি।
সূত্র: তোলো নিউজ











