spot_img
spot_img

ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৪৪০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ভূমধ্যসাগরে ১১ ঘণ্টা অভিযান চালিয়ে মোট ৪৪০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে মানবিক সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার্স (এমএফএস) পরিচালিত জাহাজ জিও ব্যারেন্টস। বুধবার (৫ এপ্রিল) পরিচালিত এ অভিযানের পর ৩৩৯ অভিবাসীকে ইতালির দক্ষিণের বন্দর ব্রিন্ডিসিতে নিয়ে যায় জাহাজটি। বাকি ১০০ জনকে ইটালি কর্তৃপক্ষ তাদের নৌবাহিনীর জাহাজে তুলে নেয়।

গত শুক্রবার (৭ এপ্রিল) ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অভিবাসনপ্রত্যাশীরা বাংলাদেশ, সিরিয়া, পাকিস্তান, মিশর, সোমালিয়া ও শ্রীলংকার নাগরিক বলে জানিয়েছেন এমএফএস।

অভিবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, লিবিয়ার বেনগাজি থেকে কাঠের নৌকায় করে তারা ১ এপ্রিল রওনা করেন। উদ্ধারের আগে চারদিন তারা সমুদ্রে ভেসেছেন। এর মধ্যে শেষ দুইদিন তাদের কাছে খাবার ছিলো না।

ইতালির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, উপকূলে পৌঁছানোর আগে এক ব্যক্তিকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে মাল্টায় নেয়া হয়। তিনি পানিশূন্যতা জনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়াও পুড়ে যাওয়া এবং হাড় ভেঙে যাওয়ার কারণে তিনজনকে চিকিৎসা দেয়া হয়েছে।

উন্নত জীবনের আশায় প্রতিবছর বিপুল সংখ্যক অভিবাসী বিপজ্জনক উপায়ে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন৷ ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে চলতি বছর এই সংখ্যা ১৮ হাজারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় চারগুণ বেশি। ইটালিতে আসা এই অভিবাসীরা মূলত লিবিয়া ও টিউনিসিয়ার উপকূল থেকে ছোট নৌকায় রওনা দেন, যা উত্তাল সমুদ্রে যাতায়াতের উপযুক্ত নয়। যে কারণে প্রায়ই নৌকা ডুবে প্রাণহানি বা নিখোঁজের ঘটনা ঘটছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ