সংসদ এলাকায় তাকে ‘জঙ্গি এমপি’ বলে অপবাদ দেওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদে বিশেষ অধিকারের নোটিশ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য পীরজাদা মুফতী সাইদউদ্দিন আহমদ হানজালা।
তিনি বলেন, গত ৩০ মার্চ সংসদ এলাকার ভেতরে তাকে প্রকাশ্যে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করা হয়। পরবর্তীতে এই ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি সামাজিকভাবে চরমভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং একজন সংসদ সদস্য হিসেবে তার বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে তিনি এই নোটিশ উত্থাপন করেন।
সংসদ সদস্যের অভিযোগটি আমলে নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “মাননীয় সংসদ সদস্যের বিশেষ অধিকারের প্রশ্নটি উত্থাপিত হলো। বিষয়টি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা, তদন্ত এবং প্রতিবেদন দেওয়ার জন্য ‘বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে’ প্রেরণ করা হলো।”
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি সংসদে বলেন, “সংসদের অভ্যন্তরে এ ধরনের গর্হিত কাজ হওয়ায় আমার বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে। গত ১৭ বছর ধরে ‘ফ্যাসিস্ট’ শব্দ ব্যবহার করে ভালো মানুষ, দাড়ি-টুপি পরা মানুষকে বিভিন্ন অপবাদ দিয়ে হেয়প্রতিপন্ন করা হয়েছে। সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সব সংসদ সদস্যের মর্যাদা রক্ষায় স্পিকারের কঠোর হস্তক্ষেপ কামনা করছি। আমি চাই, আপনার মাধ্যমে প্রত্যেকেই যেন তার সম্মান নিয়ে সংসদে থাকতে পারেন।”
উল্লেখ্য, বিশেষ অধিকার সম্পর্কিত এই সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।











