মালয়েশিয়ার শ্রমবাজার নতুন করে খোলার বিষয়ে আশার আলো দেখা দিয়েছে এবং অভিবাসন ব্যয় কমতে পারে। এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় খুলে দেওয়া, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করা এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকের শুরুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান এবং সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে উভয় পক্ষ মালয়েশিয়ার খাতভিত্তিক চাহিদার ভিত্তিতে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুততর করতে সম্মত হয়। পাশাপাশি একটি ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগব্যবস্থা গড়ে তোলার বিষয়ে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রমনন রামকৃষ্ণনের সঙ্গে আরেকটি দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সেখানে যৌথ বিবৃতিতে জানানো হয়, অভিবাসন খরচ কমাতে মধ্যস্থতাকারীদের ভূমিকা সীমিত করা, নির্ভরযোগ্য নিয়োগ সংস্থা ব্যবহার এবং আটকে পড়া শ্রমিকদের দ্রুত নিয়োগের ব্যবস্থা নেওয়া হবে।











