spot_img

দেশের ভেতরে একটি অশুভ শক্তি সরকারের বিরুদ্ধে কুৎসা রটনা করে : নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশের ভেতরে একটি অশুভ শক্তি সরকারের বিরুদ্ধে কুৎসা রটনা করে। তারা সরকার ফেলে দেওয়ার চিন্তা করে। তারা দেশের মধ্যে থেকে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র করে আর আন্দোলনের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে টলানো যাবে না; মির্জা ফখরুল সাহেব পরিস্কার বলে দিতে চাই।

আজ মঙ্গলবার (৯ মে) বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কথা-কবিতায় স্মরণ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের ‘বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নানক বলেন, বিদেশি প্রভুদের কাছে পা ধরে, আপত্তি করে, নালিশ করে, অভিযোগ করে, কোনো লাভ হবে না। সোজা পথে আসতে হবে। অগণতান্ত্রিক পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসতে হবে। নির্বাচনই হলো একমাত্র সরকার পরিবর্তনের হাতিয়ার।

ড. ওয়াজেদ মিয়ার স্মৃতিচারণ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ড. ওয়াজেদ মিয়া মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জীবনসঙ্গিনী হওয়ার পরও তিনি কখনো তার রাজনীতিতে হস্তক্ষেপ করেননি। তিনি তাকে রাজনীতিতে সাহস ও শক্তি জুগিয়েছিলেন।

বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন নুরুন নবী ভোলা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সচিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদীয় আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মো. শহীদ উল্লা খন্দকার, ইসলামিয়া আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ, ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগার পরিচালনা কমিটির সদস্য ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ, বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মৃতি পাঠাগারের উপদেষ্টা প্রকৌশলী সাঈদ রেজা শান্ত প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ