প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা জরুরি। মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। জনগণ এখন গুম, অপহরণ আর ভয়ের সংস্কৃতিমুক্ত একটি রাষ্ট্র এবং সমাজ দেখতে চায়, যেখানে জানমালের ভয় থাকবে না; অবিচার, অনাচার কিংবা নির্যাতন-নিপীড়নের ভয় থাকবে না।
শনিবার (৯ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আগামীকাল রবিবার (১০ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ বাহিনীর বিকল্প নেই। জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে পারলে পুলিশের দায়িত্ব পালনের পথ আরও সহজ হবে।
তারেক রহমান বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের আস্থা রক্ষায় পেশাদার ও দায়িত্বশীল পুলিশ বাহিনী অপরিহার্য। পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি প্রয়োজন ও সংকটে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও পুলিশ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষমতা দেখিয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও গৌরবোজ্জ্বল অবদান রেখেছে। তবে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য।











