অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ২০২২-২৩ অর্থবছরের জন্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়ানোসহ ছয়টি বড় চ্যালেঞ্জের কথা জানিয়েছেন।
তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে সমাপ্তি নিশ্চিত করা, স্থানীয় মূল্য সংযোজন করের সংগ্রহ বৃদ্ধি, করদাতা ব্যক্তির সংখ্যা বৃদ্ধি, টাকার বিনিময় হারে স্থিতিশীলতা বজায় রাখা, বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ঝুঁকিমুক্ত পর্যায়ে রাখাও প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) প্রথমবারের মতো একটি অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে তিনি সম্পূর্ণ বাজেট উপস্থাপন করেছেন।
কামাল আশাবাদ ব্যক্ত করেন যে আগামী অর্থবছরে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি কার্যকরভাবে মোকাবেলা করে বাংলাদেশ উন্নয়নের পথে ফিরতে পারবে।
বৃহস্পতিবার ২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করার সময় তিনি সংসদে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে কোভিড-১৯ মহামারী কাটিয়ে তারা দেশের অর্থনীতিকে মূলধারায় ফিরিয়ে এনেছে।
সূত্র : ইউএনবি











