শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে তাঁর সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন। দেশটির প্রতিরক্ষা বিভাগের উচ্চপর্যায়ের এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ভঙ্গুর অর্থনীতি এবং তীব্র জ্বালানি সংকটের মধ্যে শ্রীলঙ্কায় সরকারের বিরুদ্ধে জনরোষ বৃদ্ধি পাচ্ছিল দিন দিন। সপ্তাহখানেক হলো জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেয়।
আজ শনিবার (৯ জুলাই) টেলিভিশনের ফুটেজে দেখা যায়, হাজার হাজার মানুষ প্রেসিডেন্টের বাসভবনের দিকে যাচ্ছিল। তারা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছিল।
সরকারের প্রতিরক্ষা বিভাগের ওই সূত্র জানায়, প্রেসিডেন্টকে নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, বিক্ষুদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিবর্ষণ করে নিরাপত্তাকর্মীরা। কিন্তু, তাদের রোধ করা যায়নি। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ে।
জ্বালানিসহ নিত্যপণ্যের বাড়তি দাম, স্বাধীনতা-পরবর্তী সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে দিশেহারা শ্রীলঙ্কার মানুষ। সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগে দেশটিতে সরকারের বিরুদ্ধে চলছে বিক্ষোভ–প্রতিবাদ। আর, উত্তাল বিক্ষোভ ঠেকাতে দ্বীপরাষ্ট্রটির রাজধানী কলম্বোয় গতকাল শুক্রবার জারি করা হয়েছে কারফিউ।











