আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন কখনোই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যতগুলো বৈঠক হয়েছে, কখনো তারা বলেনি তত্ত্বাবধায়ক সরকার আনতে হবে। তারা কখনো বলেনি প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে হবে। তারা বলেনি পার্লামেন্ট ভেঙে দিতে হবে।
শনিবার (৮ জুলাই) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ পরিদর্শনের পর তেজগাঁওয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আমাদের সরকারের পক্ষ থেকে খোলামেলা আলোচনা হয়েছে। আমরা তাদের বলে দিয়েছি নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।
মন্ত্রী আরও বলেন, আমরা একটা স্বচ্ছ নির্বাচন করব এটা তাদের আমরা জানিয়ে দিয়েছি। স্বয়ং প্রধানমন্ত্রীও জানিয়ে দিয়েছেন সংবিধান অনুযায়ী নির্বাচন স্বচ্ছ ও অবাধ হবে।
মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মার্কিন প্রতিনিধি দল আসছে নির্বাচন নিয়ে আলোচনা করতে নয়, তারা আসছেন রোহিঙ্গা পরিস্থিতি জানতে। আর ইইউ প্রতিনিধি দল আসছে নির্বাচনে পর্যবেক্ষক দল কিভাবে পর্যবেক্ষণ করবে তা দেখতে।











