তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, এখন গ্রামের ছেলে আর শহরের ছেলের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা যখন ছাত্র ছিলাম, তখন বিশ্ববিদ্যালয়ে কেউ গ্রাম থেকে আসলে বোঝা যেত যে সে গ্রাম থেকে আসছে। এখন আমার গ্রামের ছেলে আর ঢাকা শহরের গুলশানের ছেলের মধ্যে কোনো পার্থক্য নাই। গুলশানের ছেলে যেমন ছেঁড়া জিন্সের প্যান্ট পরে, গ্রামের ছেলেও ছেঁড়া জিন্সের প্যান্ট পরে। গ্রামের ছেলে আর শহরের ছেলের মধ্যে কোনো পার্থক্য নাই। অর্থাৎ ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবে রূপায়িত হয়েছে।
ইউনিয়ন পরিষদের মেম্বারদের সংগঠন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংসদ (বাইসস)-এর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রোববার (৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এখন অনেক মানুষ ভাবে যে যদি আমি গ্রামে গিয়ে থাকতে পারতাম। কারণ সেখানে নির্মল বাতাস এবং ক্ষেত থেকে তুলে আনা শাকসবজি, পুকুরের মাছ আছে। আজ অনেকেই ভাবে যে শহর থেকে যদি গ্রামে যেতে পারতাম। আমার গ্রাম আমার শহর বাস্তবে রূপায়িত হয়েছে। এই পরিবর্তনের কথাটা জনগণকে দয়া করে বলবেন।











