জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সারাদেশে জেলায় জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
আজ মঙ্গলবার (৯ আগস্ট) এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তবে কোন কোন জেলায় বিক্ষোভ সমাবেশ করলেও মিছিল করতে দেয়নি পুলিশ। কোথাও কোথাও বাধার সম্মুখীন হয়েছে জেলা নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশগুলোতে নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত চরম অমানবিক ও গণবিরোধী। এ সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় সারাদেশে জনতার রুদ্ররোষ সৃষ্টি হয়ে সরকারের করুণ পরিণতি বরণ করতে হবে। জেলা নেতৃবৃন্দ বলেন, সামগ্রিক বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে। সরকার জ্বালানি তরল-ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোলের দাম যে মাত্রায় বৃদ্ধি করেছে, তা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। কোভিড-পরবর্তীতে মানুষ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। নেতৃবৃন্দ বলেন, জ্বালানির দাম বৃদ্ধির ফলে ভোগ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আরেক দফা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে জনদুর্ভোগ বেড়ে যাবে। অর্থনৈতিক উন্নয়নের গতিধারা নিরবচ্ছিন্ন রাখতে তেল-গ্যাসসহ সব ধরনের জ্বালানি সহনীয় পর্যায়ে রাখতে হবে।










