spot_img

মৌলভীবাজার সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মো. তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে।

শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, রাতে তারা মিয়াসহ চার-পাঁচজন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের গতিরোধের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তারা মিয়াসহ চার-পাঁচজন যুবক ভারতীয় নাসির পাতার বিড়ি আনার জন্য সীমান্ত অতিক্রম করে ভারতের আনুমানিক ৫০০ গজ অভ্যন্তরে মাগুরুলী এলাকায় ঢুকে পড়েছিলেন।

বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গুলির শব্দ পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়।

পরে বিএসএফের পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ