চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে ৮০টি স্বর্ণের বারসহ বেলাল উদ্দিন নামে সিভিল এভিয়েশনের এক নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে জব্দ করা স্বর্ণের দাম আনুমানিক ৫ কোটি ৪৪ লাখ টাকা বলে জানা গেছে।
শনিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে তাকে আটক করা হয়।
চট্টগ্রাম কাস্টমস হাউজের ডিসি সুলতান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই স্বর্ণের বারের ওজন ৯ কেজি ২০০ গ্রাম। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে।
সুলতান মাহমুদ জানান, স্বর্ণগুলো কোন ফ্লাইটে এসেছে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে সকালে চট্টগ্রাম বিমানবন্দরে মাস্কট থেকে দুটি ফ্লাইট ও দুবাই থেকে একটি ফ্লাইট এসেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।











