উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, সাহিত্যিক ও খ্যাতনামা রাজনীতিবিদ মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম রহ. এর ৩৪তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ইসলামী ঐক্য আন্দোলন এর উদ্যোগে “ইসলামী সমাজ প্রতিষ্ঠায় মওলানা আবদুর রহীম (রহ) এর চিন্তাদর্শন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৯ অক্টোবর) বিকাল ৩.৩০ টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় মওলানা আকরাম খাঁ হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, দার্শনিক ও ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.) ছিলেন বাংলা ভাষায় ইসলামী সাহিত্যের পথিকৃৎ। তিনি তাঁর লেখনীর মাধ্যমে সর্বপ্রথম বাংলাভাষীদের সামনে ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। তিনি ইসলামের অর্থনীতি, ইসলামের রাজনীতি, ইসলামের শিক্ষা ও সংস্কৃতি তথা মানুষের জীবনের সকল দিক সমূহের উপর শতাধিক মৌলিক গ্রন্থ রচনা করে ইতিহাসে অমর হয়ে রয়েছেন। তিনি বিশ্বের বিভিন্ন ভাষায় পবিত্র কালামে পাকের তাফসির সহ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে রচিত গ্রন্থসমূহের বাংলা অনুবাদ করে বাংলাভাষীদের ইসলামী জ্ঞান আহরণের সুযোগ করে দিয়েছেন।
বক্তারা বলেন, ইসলামকে সমাজ ও রাষ্ট্রীয় ভাবে সুপ্রতিষ্ঠিত করার জন্য এতদাঞ্চলের জনগণকে সংগঠিত করেছেন। তিনি ছিলেন বাংলায় ইসলামী আন্দোলনের স্থপতি। সারা জীবন তিনি ঐক্যের জন্য কাজ করেছেন। ইসলামী সমাজ বিপ্লবের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে তিনি সেখানেও ইসলামের অনুকূলে বিভিন্ন সংস্কার কার্যক্রম অব্যাহত রেখেছেন। আজকের দিনে ইসলাম ও মুসলমানদের এই দুর্দশাপূর্ণ অবস্থায় মওলানা মুহাম্মাদ আবদুর রহীমের বড় প্রয়োজন ছিল।
বক্তারা আরও বলেন, সমাজ ও রাষ্ট্রীয় ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনি তার জীবনের অভিজ্ঞতা দিয়ে রূপরেখা রেখে গেছেন। আর সেই চিন্তাদর্শন ও আদর্শের আলোকে সমাজ গঠনের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব।
আলোচকগণ মওলানা মুহাম্মাদ আবদুর রহীমের লেখা গ্রন্থ সমূহ ব্যাপকভাবে প্রকাশনা ও প্রচারের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তারা বলেন, বর্তমান প্রজন্মের কাছে মওলানাকে পরিচিত করা খুবই প্রয়োজন।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন মওলানা আবদুর রহীম (রহ) রিসার্চ ফাউন্ডেশনের সেক্রেটারী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্দোলনের নায়েবে আমীর অধ্যক্ষ মুহাম্মদ শওকাত হোসেন।
আলোচনায় অংশগ্রহণ করেন, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, আন্দোলনের নায়েবে আমীর মওলানা মুহাম্মদ রুহুল আমীন, মুসলীম লীগের মহা সচিব কাজী আবুল খায়ের, খেলাফত মজলিশের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মওলানা ইমতিয়াজ আলম, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক জাতীয় ইমাম সমিতির সভাপতি, আন্দোলনের মজলিশে শূরা সদস্য মওলানা কাজী আবু হোরায়রা, সেক্রেটারী জেনারেল মোস্তফা তারেকুল হাসান, জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক মওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ নাসির, অধ্যক্ষ মওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম খান, আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মওলানা কাজী আবু বকর সিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এ এম এম কামাল উদ্দীন, ঝিনাইদহ জেলা আমীর জনাব আব্দুল বারী, আন্দোলনের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, বরিশাল বিভাগীয় সম্পাদক মাওলানা মাকছুদ উল্যাহ আমিনী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাড. আবু হানিফ, ঢাকা মহানগরীর আমীর মোস্তফা বশীরুল হাসান, মজলিশে আমলের সদস্য অধ্যাপক মাওলানা মুহাম্মদ আব্দুস সামাদ জিহাদী সহ প্রমুখ।












