রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা তুরাগ ট্রেনের বগিতে নিয়ে এক তরুণীকে গণধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার পাঁচ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (৯ অক্টোবর) ঢাকা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার পাঁচ জনকে আদালতে হাজির করে রেলওয়ে পুলিশ। এরপর সুমন ও নাঈম স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নাজমুল, আনোয়ার ও রোমান প্রকাশ কালুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদের মধ্যে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সুমন (২১) ও নাইম (২৫)। ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফ তাদের জবানবন্দি রেকর্ড করেন। অন্যদিকে নাজমুল (২৫), আনোয়ার (২০) ও রোমান প্রকাশ কালুকে (২২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।











