spot_img
spot_img

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা করবে না আমেরিকা: ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে আমেরিকা ইরানে হামলা চালাবে না। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা চলছে।

রয়টার্স জানিয়েছে, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে যাচ্ছে। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, হরমুজ প্রণালিকে ঘিরে আমেরিকার অবরোধ বহাল থাকবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ওয়াশিংটনের অবস্থান পর্যালোচনা করছে তেহরান। আগামী কয়েক দিনের মধ্যে আমেরিকার একটি প্রস্তাবের জবাব দেওয়ার প্রত্যাশা করছে ইরান। রয়টার্স আরাঘচির বরাত দিয়ে জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ইরান তাদের প্রস্তাব উপস্থাপন করেছে। এটিকে ‘সাত দিনের পরিকল্পনা’ হিসেবে অভিহিত করা হয়েছে এবং এর জবাবে ওয়াশিংটনের প্রতিক্রিয়াও পেয়েছে তেহরান।

আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সেখানে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করা। কৌশলগত এই জলপথ বিশ্বব্যাপী তেল পরিবহনের অন্যতম প্রধান রুট।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা না চালানোর বিষয়ে ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও দুই দেশ তাদের মতবিরোধ নিরসনে এখনো চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। ফলে চলমান আলোচনার ফলাফল এখনো অনিশ্চিত।

সূত্র : পাজওয়াক আফগান নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ