পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে খেলাধুলা নামে নতুন বই যুক্ত করছে সরকার। পর্যায়ক্রমে ২০২৮ সালে পঞ্চম শ্রেণি এবং ২০২৯ সালে ষষ্ঠ শ্রেণিতেও বইটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে ঢাকা-১৬ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে আমিনুল হক বলেন, জীবনের লক্ষ্য এখনই নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্য অর্জনে পড়াশোনার কোনো বিকল্প নেই। তবে সুস্থ শরীর ও সুস্থ জাতি গঠনে খেলাধুলাও সমান গুরুত্বপূর্ণ। শুধু পাঠ্যবইয়ের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতিও আগ্রহী হতে হবে।
নতুন পাঠ্যবইটির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা বইয়ে বিভিন্ন খেলাধুলার উপকারিতা, পুষ্টি এবং সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় খাবার সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে। শৈশব থেকেই খেলাধুলার চর্চা গড়ে তোলা গেলে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ তৈরি হবে। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা সহজ হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষকদের আবাসন ব্যবস্থা নিয়ে সরকারের উদ্যোগ তুলে ধরে আমিনুল হক বলেন, পল্লবী ও রূপনগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ইতোমধ্যে ডিও লেটার দেওয়া হয়েছে। শিক্ষকদের জন্য পৃথক আবাসনের ব্যবস্থা করতে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠাবেন।
রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে ঐক্যবদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত ১৭ বছরের ইতিহাসের পুনরাবৃত্তি তিনি চান না। শিক্ষার্থীদের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, সরকার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।











