পাবলিক পরীক্ষায় ধর্ম শিক্ষা পূর্বের ন্যায় বহাল, শিক্ষা সিলেবাস ঈমান-আকিদা বিধ্বংসী অবৈজ্ঞানিক ডারউইনের বিবর্তনবাদ বাতিল এবং শিক্ষার সবস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে গণমিছিল ও স্মারকলিপি পেশ পূর্ব জমায়েত অনুষ্ঠিত হবে।
আগামীকাল (১০ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে এ মিছিল অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দিবেন দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
আজ বুধবার (৯ নভেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গণমিছিল ও স্বারকলিপি পেশ কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, জাতীয় শিক্ষাক্রমে ইসলামবিরোধী ও হিন্দুত্ববাদী শিক্ষা সংযোজন করে ইসলামী শিক্ষা বিনাশ করার চক্রান্তে মেতে উঠেছে। কৌশলে নাস্তিক্যবাদী সিলেবাস বাস্তবায়নে সরকার মরিয়া হয়ে উঠছে।
তিনি বলেন, জাতীয় শিক্ষাক্রমের প্রাইমারিস্তর থেকে সর্বোচ্চ মাস্টার্স পর্যন্ত ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আলীয়া মাদরাসা শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা ও স্বাতন্ত্রতা বজায় রাখার স্বার্থে দাখিল পর্যায়ে ৫০০ নম্বরের আরবি শিক্ষা পূর্বের ন্যায় বহাল রাখতে হবে। ইসলাম শিক্ষা পাঠ্যবইয়ের নাম ‘মূল্যবোধ ও নৈতিকতা’ কিংবা অন্য কিছু নয়, ‘ইসলাম শিক্ষা’ই রাখতে হবে। অন্যান্য ধর্মশিক্ষার ক্ষেত্রেও স্ব-স্ব ধর্মের নামে থাকতে হবে।
উল্লেখ্য; গত (৮ অক্টোবর) রাজধানীর কাকরাইস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা বিষয়ক এক সেমিনার থেকে ২০ দফা দাবি এবং ৩ দফা কর্মসূচি ঘোষণা করেন দলের আমীর চরমোনাই পীর।










