আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ইসরাইলের প্রতি মার্কিনিদের নেতিবাচক মনোভাবকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, ইসরাইলের প্রতি রিপাবলিকানদের অতিরিক্ত সমর্থনও নির্বাচনে পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
সোমবার (৯ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। আগামী রোববার (১৫ নভেম্বর) সাক্ষাৎকারটি প্রচারের কথা রয়েছে। সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিক রস ডুথাটের নেওয়া ওই সাক্ষাৎকারে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় নিয়ে কথা বলেন তিনি।
এর আগে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও নির্বাচনে দলের বিপর্যয়ের পেছনে দুটি বিষয়কে দায়ী করেছিলেন। এর একটি ইরানের সঙ্গে যুদ্ধ, অন্যটি ইসরাইলের সঙ্গে আমেরিকার সম্পর্ক।
ট্রাম্প বলেন, মধ্যবর্তী নির্বাচনে তিনি নিজে প্রার্থী ছিলেন না। তবে কয়েকজন রিপাবলিকান প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার চালিয়েছেন। তাঁর ধারণা, নিজে নির্বাচনে প্রার্থী হলে ফলাফল ভিন্ন হতে পারত।
ইসরাইলের প্রতি মার্কিনিদের মনোভাব নিয়ে ট্রাম্প বলেন, দেশটির বিরুদ্ধে মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। তাঁর মতে, ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির উচ্চমূল্য এবং ইসরাইলের প্রতি মার্কিনিদের বিরূপ মনোভাব, এই তিনটি বিষয়ই রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে।
নির্বাচনে পরাজয়ের কারণ নিয়ে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের বক্তব্যের সঙ্গেও একমত হয়েছেন ট্রাম্প। ভ্যান্সের মতে, ইরানের সঙ্গে যুদ্ধ ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। পাশাপাশি ইসরাইলের সঙ্গে আমেরিকার সম্পর্কও নির্বাচনে প্রভাব ফেলেছে।
তবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান বজায় রেখেছেন ট্রাম্প। তিনি বলেন, একই পরিস্থিতি আবার তৈরি হলে তিনি একই সিদ্ধান্ত নেবেন। কারণ, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যায় না।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট











