ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এ অবস্থায় দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন ও পরিবেশ রক্ষায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে নতুন ন্যায্য ও টেকসই পানি বণ্টন চুক্তি সম্পাদনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে জরুরি আলোচনার জন্য আনা এক নোটিশে এসব বিষয় তুলে ধরেন বিরোধীদলীয় সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (ঢাকা-১৪)। সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুযায়ী জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার কাছে নোটিশটি জমা দেন তিনি।
নোটিশে বলা হয়, আগামী ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সম্ভাব্য পরিস্থিতি পর্যালোচনা এবং বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংসদে আলোচনা চায় জামায়াত।
দলটির আশঙ্কা, সময়মতো নতুন ন্যায্য ও টেকসই পানি বণ্টনব্যবস্থা নিশ্চিত করা না গেলে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানির তীব্র সংকট দেখা দিতে পারে। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। পাশাপাশি কৃষক ও মৎস্যজীবীদের জীবন-জীবিকা সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, পানির সংকটের কারণে গড়াই নদীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শাখানদীগুলোর নাব্যতা কমে যেতে পারে। একই সঙ্গে সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা তীব্রভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জামায়াতের নোটিশে বলা হয়, গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। তাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
এ লক্ষ্যে আন্তর্জাতিক পানিপ্রবাহ আইন ও অববাহিকাভিত্তিক সুষম পানি ব্যবহারের নীতি অনুসরণ করে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি দেশের অভ্যন্তরীণ পানিসম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী করতে গঙ্গা ব্যারাজ প্রকল্প, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কিংবা বিকল্প জলাধার নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে কার্যকর ও ফলপ্রসূ আলোচনা, চুক্তি নবায়ন অথবা নতুন ন্যায্য পানি বণ্টন চুক্তি সম্পাদন করতে হবে। বাংলাদেশের জাতীয় স্বার্থ সুরক্ষায় সরকারকে জরুরি ও সুনির্দিষ্ট উদ্যোগ নিতে হবে।











