সংসদে তিনটি অধ্যাদেশ উত্থাপনের পর সেগুলো কোনো সংসদীয় কমিটিতে না পাঠানোয় প্রশ্ন তুলেছেন পাবনা-২ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সংসদ সদস্যরা আরেকটু ‘হোমওয়ার্ক’ করে এলে ভালো হতো।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ ঘটনা ঘটে। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অধিবেশনের শুরুতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। অধ্যাদেশগুলো হলো, ‘পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন অধ্যাদেশ ২০২৬’ (অধ্যাদেশ নম্বর ৩৭), ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ ২০২৬’ (অধ্যাদেশ নম্বর ৩৮) এবং ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬’ (অধ্যাদেশ নম্বর ৩৯)।
এ সময় বক্তব্য দেওয়ার জন্য ফ্লোর নিয়ে ব্যারিস্টার নাজিবুর রহমান বলেন, অধ্যাদেশগুলো সংসদে উত্থাপনের জন্য ধন্যবাদ জানালেও সেগুলো কোনো কমিটিতে পাঠানো হয়নি। অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এর আগে ঈদের আগে অধ্যাদেশ উত্থাপনের পর সময়ের স্বল্পতার কথা বলে ঈদের পরে দুই-তিন দিনের মধ্যে বিলগুলো পাস করা হয়েছিল।
জবাবে ডেপুটি স্পিকার বলেন, অধ্যাদেশগুলো যখন বিল আকারে উত্থাপন করা হবে, তখন সম্ভবত সংসদীয় কমিটিতে পাঠানো হবে।
এরপর আবার বক্তব্য দিয়ে নাজিবুর রহমান বলেন, অধ্যাদেশ উত্থাপনের পর ৩০ দিনের একটি বাধ্যবাধকতা রয়েছে। এ সময়ের মধ্যে পাস না হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ল্যাপস হয়ে যাবে। সোমবার অধ্যাদেশগুলো উত্থাপন করা হয়েছে। আগামী ১৮ নভেম্বর সংসদ অধিবেশন মুলতবি হওয়ার পর পরবর্তী অধিবেশন ৩০ দিনের মধ্যে শুরু না হলে অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে যাবে।
এ কারণে অধ্যাদেশগুলো উত্থাপনের দিনই সংসদীয় কমিটিতে পাঠানো হলে যাচাই-বাছাইয়ের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যেত বলে মন্তব্য করেন তিনি।
পরে আবার ফ্লোর নিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, মাননীয় স্পিকার, সংসদের প্রসিডিংয়ে এগুলো রেকর্ড হবে। তখন মনে হবে যে আমরা সংসদ সদস্যরা আরেকটু মনে হয় হোমওয়ার্ক করে আসলে বেটার হয়।
আইনমন্ত্রী বলেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা তাঁর বাধ্যবাধকতা। অধ্যাদেশগুলো নতুন করে বিল আকারে সংসদে আনা হলে সংশ্লিষ্ট মন্ত্রীরা আগামী দুই-এক দিনের মধ্যে সেগুলো উত্থাপন করবেন। এরপর বিলগুলো সংসদীয় কমিটিতে পাঠানো হবে। কমিটি যাচাই-বাছাই শেষে সেগুলো আইনে রূপান্তরিত হবে।











