১৮ মাসে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কর্মসংস্থান বাড়েনি, বরং বিদেশে কর্মী যাওয়ার হার ৩৫ শতাংশ কমে গেছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, অর্থনীতির সংকটকালে গত অর্থবছরে এনবিআরের লক্ষ্যমাত্রার তুলনায় ৪ লাখ ৩ হাজার কোটি টাকা অর্জিত হয়েছিল। কিন্তু চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা, যা আগের বছরের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি। এটি যে অবাস্তব (আনরিয়েলিস্টিক) ছিল, তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে; কারণ প্রথম প্রান্তিকেই লক্ষ্যমাত্রার চেয়ে ৩১ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পে দুর্নীতি ও লুটপাটের অভিযোগের বিচার কার্যক্রম কোন পর্যায়ে রয়েছে, তা জানতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন হাসনাত আবদুল্লাহ।
মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধি নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, চলতি বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। অথচ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, বছর শেষে তা ১১ শতাংশে পৌঁছাবে।
তিনি আরও বলেন, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ ধরা হলেও আইএমএফের পূর্বাভাসে তা স্মরণকালের সর্বনিম্ন ৩ দশমিক ২ শতাংশে নেমে আসবে। পরবর্তী বছরে তা আরও কমে ২ দশমিক ২ শতাংশে দাঁড়াবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্ন তুলে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের নাম পরিবর্তন করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ‘আমার বাড়ি আমার খামার’ করা হয়েছিল। কিন্তু এ প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে।
হাসনাত আবদুল্লাহ জানতে চান, সমবায়ের মাধ্যমে কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়ন করে জাতীয় জিডিপিতে অবদান রাখতে পারে, এমন কত সংখ্যক নতুন কর্মক্ষম জনগোষ্ঠী এ প্রকল্পের মাধ্যমে তৈরি করা সম্ভব হয়েছে।
একই সঙ্গে প্রকল্পে সংঘটিত দুর্নীতির ঘটনায় যেসব প্রকল্প পরিচালকের (পিডি) বিরুদ্ধে মামলা হয়েছিল, সেসব মামলার বিচার কার্যক্রম বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি।











