দেশে ফিরতে শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার পাশাপাশি বিদেশের রাজনৈতিক ব্যক্তিদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, গণহত্যার পর শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার ঘটনা লজ্জাহীনতার নতুন নমুনা।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনার মধ্যে ন্যূনতম লজ্জাবোধ থাকলে তিনি এসব করতে পারতেন না। এখন তিনি বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছেন। এ জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার পাশাপাশি বিদেশের রাজনৈতিক ব্যক্তিদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
তিনি বলেন, শেখ হাসিনা এখন কেন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন? আদালত তার নিজস্ব গতিতে চলবে, আইনও তার নিজস্ব গতিতে চলবে।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, শেখ হাসিনা হয়তো জুলাই গণ-অভ্যুত্থানের কথা ভুলে গেছেন, কিন্তু দেশের মানুষ তা ভুলবে না। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধসহ তরুণদের আত্মত্যাগ মানুষ মনে রাখবে।
তিনি বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকার হেলিকপ্টার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল। এতে তরুণ ও শিশুরা প্রাণ হারায়। শহীদদের স্মৃতি ও আত্মত্যাগ মানুষের মনে চিরজাগরূক থাকবে।










