সরকারি অফিস-আদালতে সরকারি দলের নেতাকর্মীদের দৌরাত্ম্য বেড়েছে এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ চলছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ।
তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের হস্তক্ষেপের কারণে সাধারণ নাগরিক ও বিরোধী দলের প্রতিনিধিরা প্রশাসনিক কাজে বৈষম্যের শিকার হচ্ছেন।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব অভিযোগ করেন।
ফজলুর রহমান বলেন, বিভিন্ন সরকারি দপ্তর ও অফিস-আদালতে সরকারি দলের নেতাকর্মীদের প্রভাব এতটাই বেড়েছে যে, অনেক ক্ষেত্রে দলীয় নেতাকর্মীরা সরাসরি গিয়ে নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা ফাইল ছাড়ছেন না, এমনকি কলম পর্যন্ত ধরছেন না। এর ফলে সাধারণ নাগরিক ও বিরোধী দলের প্রতিনিধিরা প্রশাসনিক পর্যায়ে চরম বৈষম্যের শিকার হচ্ছেন।
প্রশাসনিক দলীয়করণের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমেও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ করে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সার্কুলার অনুযায়ী সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও মেরামতের জন্য ডিও লেটার পাঠিয়েছিলেন। কিন্তু বিরোধীদলীয় সংসদ সদস্যদের পাঠানো এসব সুপারিশ দীর্ঘদিনেও আমলে নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, কিছু এলাকায় সরকারি দলের নেতাকর্মীরা শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে বলছেন, বিরোধীদলীয় সংসদ সদস্যদের ডিও লেটারে কোনো কাজ হবে না, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এভাবে স্থানীয় পর্যায়ে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজি চালানো হচ্ছে।
প্রধানমন্ত্রী প্রায়ই উন্নয়নকাজে বিরোধী দল অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলে যে অভিযোগ করেন, তার জবাবে বিরোধীদলীয় এমপি বলেন, মাঠপর্যায়ে নিরপেক্ষ জরিপ চালালে প্রকৃতপক্ষে কারা সরকারি প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রভাব খাটিয়ে পরিবেশ অস্থিতিশীল করছে, তা স্পষ্ট হবে।
এ সময় প্রশাসনিক কাজে দলীয় হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করার পাশাপাশি বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রস্তাবিত জন-গুরুত্বপূর্ণ ফাইল ও ডিও লেটারগুলো দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান তিনি।











