spot_img
spot_img

সরকার আজীবন ক্ষমতায় টিকে থাকতে প্রতিহিংসার রাজনীতির চর্চা করছে: মাওলানা ইউনুছ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সরকার আজীবন ক্ষমতায় টিকে থাকতে প্রতিহিংসার রাজনীতির চর্চা করছে। বিরোধী দলের কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে অঘোষিত অবরোধ সৃষ্টি করে রাখা এবং সাধারণ মানুষের দুর্ভোগে ফেলা একটি স্বাধীন দেশে চরম লজ্জাজনক।

শুক্রবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সভা-সমাবেশ করা মানুষের নাগরিক অধিকার। কিন্তু বিরোধী দলের কর্মসূচিকে কেন্দ্র করে টালবাহানা করেছে সরকার এবং যানবাহন বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি, বিরোধী দলের শীর্ষ নেতাদের গ্রেফতার ও হয়রানি করে চলমান সঙ্কটকে জিইয়ে রেখেছে।

মহাসচিব বলেন, অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য বর্তমান সরকার নৃশংসতার সব সীমা অতিক্রম করেছে। পুলিশ ও দলীয় ক্যাডার দিয়ে বিরোধী দলের নিরীহ নেতা-কর্মীদের উপর সশস্ত্র হামলা চালাচ্ছে। তিনি সকলকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশ ও ইসলামের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি চর্চা বন্ধ হলে সঙ্কট আরো মারাত্মক আকার ধারণ করবে এবং দেশ আরো ভয়াবহতার দিকে এগুবে। তিনি রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে ইসলামের সুশীতল ছায়াতলে ফিরে আসার আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ