এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই।
এর আগে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ জুলাই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে ঋণখেলাপি ও ঋণের জামিনদাররাও প্রার্থী হিসেবে অযোগ্য হবেন বলে জানিয়েছিলেন তিনি। ইউটিলিটি বিল বকেয়া থাকলেও প্রার্থী হওয়া যাবে না বলে উল্লেখ করেন ইসি সচিব।
ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনের পাঁচটি প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদের সংশ্লিষ্ট আইনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।












