spot_img
spot_imgspot_img

সৌদি আরবের সাথে আমাদের যুদ্ধ নেই: পেজেশকিয়ান

সৌদি আরবের সঙ্গে ইরানের কোনো যুদ্ধ নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একই সঙ্গে ইয়েমেনের হুথিদের কর্মকাণ্ডকে ইরানের সঙ্গে সরাসরি এক করে দেখার বিরোধিতা করে তিনি বলেছেন, হুথিদের ‘নিজস্ব সমস্যা’ রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) তার বক্তব্যের একটি অংশ প্রকাশ করেছে আল জাজিরা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের সময় দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইরানি প্রেসিডেন্ট।

সাক্ষাৎকারে সৌদি আরবের সঙ্গে চলমান উত্তেজনা ও ইরান সমর্থিত হুথি বাহিনীর তৎপরতার প্রসঙ্গ তোলা হলে পেজেশকিয়ান বলেন, ‘আমরা সৌদি আরবের সঙ্গে যুদ্ধে নেই। হুথিদের নিজস্ব সমস্যা রয়েছে।’

তিনি বলেন, এ অঞ্চলের দেশগুলোর উচিত নিজেদের মধ্যে সংঘাতের পরিবর্তে একসঙ্গে বসে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কাজ করা।

পেজেশকিয়ান বলেন, ‘আমি বহুবার বলেছি, আমাদের এই অঞ্চলের সব দেশকে একসঙ্গে বসতে হবে। আমাদের নিজেদের মধ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে।’

ইরানি প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী, প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে সংঘাত তেহরানের লক্ষ্য নয়। এর পরিবর্তে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো এবং নিজেদের উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে ইরান।

তার এই বক্তব্য এমন সময় এলো, যখন সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলা এবং ইয়েমেনে হুথি বাহিনীর সামরিক অগ্রগতিকে কেন্দ্র করে অঞ্চলটিতে উত্তেজনা বেড়েছে। তবে সৌদি আরবের সঙ্গে সরাসরি যুদ্ধের ধারণা প্রত্যাখ্যান করলেন পেজেশকিয়ান।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ