আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ৪ হাজার ডলার।
তিনি বলেন, আজকে আমাদের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ সর্বশেষ প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ এখন পৃথিবীর ৩৫তম অর্থনৈতিক দেশ। যেভাবে এগিয়ে চলছে ২০২৬ সালে আমাদের মাথাপিছু আয় ৪ হাজার ডলারে উন্নতি হবে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা আজ মুক্তির সংগ্রাম করছেন। বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে ভিশন ২০৪১, ২১০০ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল, একদিনে শত সেতু-শত রাস্তা, বাংলাদেশ আজ সারা বিশ্বের বিস্ময়।
তিনি বলেন, রিজার্ভ নিয়ে পাকিস্তানের রাষ্ট্রদূতের হতাশার কথা সিঙ্গাপুরে শুনে এসেছেন। আমাদের রিজার্ভ স্থিতিশীল। আমাদের জিডিপি এখন সাড়ে সাত। আমরা গর্ব করে বলতে পারি শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন অভিযাত্রা শুরু হয়েছে, আমরা আরও এগিয়ে যাব।











