আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের মুখ খুলে ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ফরিদপুর ৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইবনে ইউসুফ। তিনি বলেছেন, মুখ বন্ধ করে বা এমনভাবে যেন ভোট গ্রহণ না হয়, প্রশাসনের বিষয়টি দেখা উচিত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে ফরিদপুর শহরের কমলাপুর মহল্লায় ময়েজ মঞ্জিলে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নায়াব ইউসুফ বলেন, “কিছু কেন্দ্র আছে, অনেক সময় শুনেছি আর কী। গত কয়েকদিন ধরেই শুনছি। কত কোটি, কত লাখ বোরকা পরিহিত ব্যক্তি যাবেন। সেটার ব্যাপারে আমি মনে করি প্রশাসনেরও দেখা উচিত, মুখ বন্ধ করে বা এমনভাবে যেন ভোটটা গ্রহণ না হয়।”
তিনি বলেন, “ফরিদপুরে নির্বাচনের পরিবেশ শুরু থেকেই বেশ ভালো রয়েছে। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যাপারে বেশ কিছু ছোট ছোট অভিযোগ থাকলেও আমরা অভিযোগ দেইনি। সব মিলিয়ে আমাদের এখন পর্যন্ত সকল কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শুরু থেকেই বাংলাদেশের অন্য যেকোনো জায়গার থেকে আমাদের এই আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত আছে। আমরা খুবই আশাবাদী।”
তিনি আরও বলেন, “অনেকে যারা বিদেশ থেকে পোস্টাল ব্যালটে আমাদের ভোট দিয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন তারা ধানের শীষে ভোট দিয়েছেন।”
বিএনপির এই প্রার্থী বলেন, “একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চেয়েছে। তাদের এই আচরণ আমরা দুরভিসন্ধিমূলক মনে করছি। এসব করে তারা যেন কোনোভাবেই কোনো অন্যায্য সুবিধা না নিতে পারে, এজন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।”
কোনো দলের নাম উল্লেখ না করে নায়াব ইউসুফ বলেন, “ওই দলটি বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদেরকে জান্নাতের লোভ দেখিয়েছে। আপনারা জানেন স্বভাবগতভাবেই নারীরা দুর্বল প্রকৃতির হয়। এজন্য কিছু নারী ভোটার তাদের ওইসব চটকদার কথায় বিভ্রান্তও হতে পারে।”
তিনি বলেন, তারা ধর্মকে নিয়ে অপকৌশল, অপচেষ্টা চালিয়েছে, “এটা আসলে খুব দুঃখজনক।” একই সঙ্গে তিনি বলেন, “তবে নিজের প্রতি আমার বিশ্বাস আছে। আমি বিপুল পরিমাণ ভোটে জয়ী হব।”











