বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচন কমিশনকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। আজকে এই জনসভা থেকে আমরা ঘোষণা করতে চাই, অবিলম্বে এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। নির্বাচন কমিশন নতুন করে যোগ্য ব্যক্তিদের দ্বারা গঠন করতে হবে।
বুধবার (১০ মার্চ) বিকালে ঢাকা উত্তর মহানগর বিএনপির উদ্যোগে খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেটের সামনে সড়কে দুটি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, বর্তমান নির্বাচন কমিশন তো আজ্ঞাবহ ক্রীতদাসের চেয়েও খারাপ। সরকারকে কিছু বলতে হয় না, তার আগে বলে দেয় খুব ভালো নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, এই যে, আওয়ামী লীগের প্রার্থীরা সব জয়লাভ করেছে।
তিনি বলেন, সরকারের অবিলম্বে পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আমরা কি ভোট দিতে গেলে ভোট দিতে পারি? এই যে আমাদের ছয়জন মেয়র প্রার্থী এখানে বসে আছেন তারা কেউ ভোট করতে পারেননি। তাদের ভোটের দিন সবাইকে বের করে দেওয়া হয়েছে কেন্দ্র থেকে এবং সন্ধ্যাবেলা তাদের পছন্দমতো ফলাফল ঘোষণা করেছে।
তিনি আরও বলেন, কারণ আমরা জানি জনগণ যদি ভোট দেয়, ভোট দিতে পারে তাহলে আপনারা কোনোদিনই আর ক্ষমতায় আসতে পারবেন না।











