স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধাপে ধাপে দেশের সব পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাহ আলিম মাদরাসা মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার জনগণের সঙ্গে করা নির্বাচনপূর্ব অঙ্গীকার বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই প্রতিশ্রুতিরই অংশ। তার ভাষায়, “ফ্যামিলি কার্ড শুধু আর্থিক সহায়তার বিষয় নয়, এটি পরিবারের বিশেষ করে নারীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের একটি মাধ্যম।”
মন্ত্রী জানান, আপাতত পরীক্ষামূলকভাবে দেশের ১৪টি ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে পর্যায়ক্রমে এটি দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, এই অঞ্চলে কৃষির ওপরই মানুষের জীবিকা নির্ভরশীল। তাই কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। পাশাপাশি শিক্ষিত তরুণদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে ঘরে বসে আয় করার সুযোগ তৈরি করার পরিকল্পনাও রয়েছে।
মাদক সমস্যার বিষয়ে সতর্ক করে মির্জা ফখরুল বলেন, তরুণদের মাদকের হাত থেকে রক্ষা করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, কেউ কার্ড পেয়েছে আর কেউ পায়নি—এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। সময়ের সঙ্গে সঙ্গে সবাই ফ্যামিলি কার্ড পাবেন। সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ।










