spot_img
spot_img

৪০০ আরোহী নিয়ে গ্রিস ও মাল্টার মাঝে ভাসছে অভিবাসীবাহী নৌকা

প্রায় ৪০০ আরোহী নিয়ে গ্রিস এবং মাল্টার মধ্যে ভাসছে অভিবাসীবাহী একটি নৌকা। নৌকাটি সেখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যেকোনও মুহূর্তে বিপদের আশঙ্কা রয়েছে।

রোববার (৯ এপ্রিল) অ্যালার্ম ফোন নামে অভিবাসীদের সহায়তাকারী একটি পরিষেবা এই তথ্য জানিয়েছে।

অ্যালার্ম ফোন টুইটারে জানায়, তারা অভিবাসীবাহী ওই নৌকা থেকে একটি কল পেয়েছে। এই নৌকাটি লিবিয়ার তোব্রুক থেকে রাতের আঁধারে যাত্রা করেছিল এবং কল পাওয়ার পর তারা এ বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করেছে। কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত ওই অভিভাসীদের উদ্ধারে কোনও অভিযান শুরু করেনি।

অ্যালার্ম ফোন বলেছে, নৌকাটি এখন মাল্টিজ সার্চ অ্যান্ড ও রেকসিউ এরিয়ায় (এসএআর) রয়েছে।

অন্যদিকে জার্মান এনজিও সি-ওয়াচ ইন্টারন্যাশনাল তার টুইটার অ্যাকাউন্টে বলেছে, তারা কাছাকাছি দু’টি বণিক জাহাজসহ নৌকাটি খুঁজে পেয়েছে। সংস্থাটি জানিয়েছে, মাল্টিজ কর্তৃপক্ষ জাহাজগুলোকে ওই নৌকা থেকে উদ্ধার কাজ না করার নির্দেশ দিয়েছে এবং তাদের মধ্যে একটিকে কেবল জ্বালানি সরবরাহ করতে বলা হয়েছে।

অ্যালার্ম ফোন আরও বলেছে, অভিবাসীবাহী ওই নৌকায় থাকা লোকেরা আতঙ্কিত এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের চিকিৎসার প্রয়োজন। এছাড়া নৌকাটিতে জ্বালানি নেই এবং এর নিচের ডেকটি পানিতে পূর্ণ হয়ে গেছে।

সংস্থাটির দাবি, নৌকাটিকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখে ক্যাপ্টেন চলে গেছেন এবং নৌকা চালাতে পারে এমন কেউ সেখানে আর নেই।

সূত্র : রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ