সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তিকর পোস্ট করার অভিযোগে দায়েরকৃত মামলায় রাজধানীর বকশিবাজারের বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী ইশরাত জাহান রেইলিকে দুই বছর ৭ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১০ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত আসামির স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে পূর্ববর্তী কারাবাসের মেয়াদকে কারাদণ্ড হিসেবে এ রায় ঘোষণা করেন। এদিন এ মামলার চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল।
২০২০ সালের ৬ নভেম্বর থেকে কারাগারে থাকা ইশরাত জাহান রেইলিকে এদিন কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তির পোস্ট দেওয়ার অভিযোগে ২০২০ সালের ৬ নভেম্বর র্যাব-৪ এর হাতে গ্রেপ্তার হন ইশরাত জাহান। ওই ঘটনায় রাজধানীর দারুস সালাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়।










