বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে সশরীরে উপস্থিত হয়ে আচরণবিধি ভঙ্গের বিষয়ে প্রাপ্ত নোটিশের লিখিত ও মৌখিকভাবে কৈফিয়ত দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (চরমোনাই পীর)।
বুধবার (১০ মে) বেলা সাড়ে ১২ টার দিকে বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসে হাজির হয়ে তিনি আচরণবিধি ভঙ্গের বিষয়ে ব্যাখ্যা প্রদান করেন।
এ বিষয়ে বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে আচরণবিধি ভঙ্গের বিষয়ে তলব করেছিলাম। প্রার্থী নিজে এসে ব্যাখ্যাটি লিখিত ও মৌখিকভাবে আমাদের দিয়েছেন। মৌখিকভাবে তিনি অঙ্গীকার করেছেন নির্বাচনী আচরণবিধির সব বিধি সঠিকভাবে মেনে চলবেন এবং প্রচারণাসহ সব কার্যক্রম নির্বাচনী আইনকানুনের মধ্যে থেকে চালাবেন বলেও বলেছেন।
নির্বাচনী এই কর্মকর্তা বলেন, আচরণবিধি ভঙ্গের বিষয়ের ব্যাখ্যায় তিনি যা বলেছেন, তাতে তার বিষয়টি নিয়ে কিছুটা অজ্ঞতা ছিল, আমাদের নির্বাচন পূর্ববতী সময়ের বিষয়টি নিয়ে তার অস্পষ্টতা ছিল, আমরা এটি ওনাকে ভেঙে বুঝিয়ে দিয়েছি। তার ব্যাখ্যা পর্যালোচনা করে আমাদের আইন, বিধিগুলো দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।










