পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেছেন, ফিলিস্তিন আমাদের বড় বন্ধু। আমাদের বঙ্গবন্ধুর সময় থেকে ফিলিস্তিনের জনগণের সঙ্গে আমাদের আত্মার আত্মীয় সম্পর্ক। আমরা বিশ্বাস করি, যতদিন স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠিত না হবে আমরা ততদিন তাদের সঙ্গে আছি এবং আমরা ইসরাইলকে গ্রহণ করব না। আমরা এখনো তাদের স্বীকৃতি দেইনি।
বৃহস্পতিবার (১০ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি কর্তৃক ফিলিস্তিনকে জরুরি ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৬৭ সালের আইন অনুযায়ী ফিলিস্তিন ও ইসরাইল রাষ্ট্রের সীমানা অনুসারে দুই রাষ্ট্রের সমাধান চায় বাংলাদেশ।
তিনি আরও বলেন, ফিলিস্তিনি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি না পাওয়া অবধি ইসরাইলকে গ্রহণ করবে না বাংলাদেশ।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক এসএম শফিউজ্জামান।











