পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।
তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে বলে যে অভিযোগ করা হচ্ছে, তা পুনরাবৃত্ত ও মিথ্যা।
শুক্রবার (১০ জুলাই) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অভিযোগের প্রতিক্রিয়ায় এক বিবৃিতিতে তিনি এ কথা বলেন।
মাওলানা মুজাহিদ বলেন, ইমারাতে ইসলামিয়া কোনো বিদেশি গোষ্ঠীকে আফগানিস্তানে কার্যক্রম পরিচালনা করতে দেবে না। একই সঙ্গে পাকিস্তান বা অন্য কোনো দেশের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহার করতেও কাউকে অনুমতি দেওয়া হবে না।
তিনি বলেন, ‘এ ধরনের সন্দেহ, অপপ্রচার ও পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্গি সব সময় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে এবং নিরাপত্তা ও আস্থার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।’
শাহবাজ শরিফের অভিযোগ, সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে।
সূত্র: আরিয়ানা নিউজ










