বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনতার জোয়ার দেখে এ সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তাদের পায়ের তলার মাটি সরে গেছে। তারা এখন বিদেশে গিয়ে ক্ষমতায় ঠিকে থাকার জন্য ধর্না দিচ্ছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে নগরীর ঐতিহাসিক রেজিষ্ঠারী মাঠে সিলেট জেলা যুবদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, বিএনপির আন্দোলন সিলেট থেকে শুরু হবে। সিলেট হচ্ছে গুণীজনের স্মৃতি বিজড়িত পূণ্যভূমি। এই মাটির উন্নয়ন করেছেন, নেতৃত্ব দিয়েছেন মরহুম রিয়াল এডমিরাল মাহবুব আলী খান, মরহুম এম সাইফুর রহমান, গুম নামক কারাগারে আটক এম ইলিয়াস আলী। তাই যুবদলের সম্মেলনের মাধ্যমে নির্বাচিত নতুন নেতৃত্বের হাত ধরে ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সিলেট থেকে আন্দোলনের নবযুগের সুচনা হবে। সিলেট থেকে সুচিত আন্দোলনেই ফ্যাসিস্ট সরকারের পতন হবে।










